ডেপুটি স্পিকারকে গাইবান্ধা ছাড়ার নির্দেশ ইসির

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপিকে গাইবান্ধা- ৫ নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গাইবান্ধা – ৫ এর আওতাধীন সাদঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় প্রকাশ্যে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করায় এ নির্দেশ দেয় সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়, বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় ডেপুটি স্পিকারকে গাইবান্ধা -৫ আওতাধীন নির্বাচনী এলাকা শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার মধ্যে ত্যাগ করার নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন ।

উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২২ বিধিতে বলা আছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কর্মচারীরা নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না । তবে শর্ত থাকে যে, উক্তরূপ ব্যক্তি যদি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল ভোট প্রদানের জন্য ভোট কেন্দ্রে যেতে পারবেন। নির্বাচন পূর্ব সময়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোন সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করতে পারবেন না ।

শনিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে কক্সবাজার -৩ নির্বাচনী এলাকায় সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমলকে আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় প্রকাশ্যে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করায় রবিবার বিকেল ৫ টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি ।