নিজের বাসাও চিনতে পারছিলেন না মারুফ জামান

নিখোঁজের সাড়ে ১৫ মাস পর বাড়ি ফিরেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শুক্রবার রাত একটার দিকে ধানমন্ডির ৯/এ এর ৮৯ নম্বর বাসায় ফিরে আসেন তিনি। তার শরীরের অবস্থা খারাপ এবং কারো সঙ্গেই কথা বলছেন না বলে জানিয়েছে তার ছোট মেয়ে সামিহা জামান।

তার বরাত দিয়ে পুলিশ জানায়, নিজের বাসায় সামনে এসেও তা চিনতে পারছিলেন না মারুফ জামান।

মারুফ জামান সর্বশেষ ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সাবেক এই রাষ্ট্রদূত।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারুফ জামানের বড় মেয়ে শবনম জামান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর আমার বাবা ফিরে এসছেন। এই সময়ের মধ্যে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি এবং আমার বোন কৃতজ্ঞ।’

ফেরার বিষয়টি নিয়ে এই মুহুর্তে কোনো কথা বলতে চান না বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করেন শবনম জামান ।

ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফ মারুফ জামানের মেয়ে সামিয়া জামানের বরাত দিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার রাত ১টার দিকে মারুফ জামান তার বাসায় ফিরে আসেন। তার শরীরের অবস্থা ভালো না।’

ধানমন্ডি থানার এসআই রাসেল নিয়াজি দেশ রূপান্তরকে বলেন, ‘মারুফ জামানের ফিরে আসার খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাতটার দিকে তার ধানমন্ডির বাসায় যাই। তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মারুফ জামানের মেয়ে জানিয়েছে, তিনি বাসা ঠিকমতো চিনতে পারছিলেন না। রাস্তায় ঘোরাফেরা করছিলেন। পরে তার বাসার ম্যানেজার বাসার সামনের রাস্তা থেকে বাসায় নিয়ে আসে।’ 

২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশ ফেরত মেয়েকে আনতে বিমানবন্দরের উদ্দেশ্যে ধানমন্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বের হন মারুফ জামান। এর পর থেকে তার মোবাইল নম্বরও বন্ধ ছিল। পরদিন দুপুরে ধানমন্ডি থানায় জিডি করে মারুফ জামানের মেয়ে সামিহা জামান। ওই দিন রাতেই কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী তিন শ ফুট সড়কে মারুফ জামানের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি পাওয়া যায়।