দেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন।

শনিবার বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নবগঠিত কমিটির নেতাদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের প্রকৃত চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

আমীর খসরু বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক দেশ ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা মিথ্যা, দেশের নিরাপত্তা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে এসব বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টে এসেছে। এতে দেশের ভাবমূর্তি বহি:বিশ্বে ক্ষতি হয়েছে। তারা দেশের মানুষের মনের কথাগুলো বলেছে। এই রিপোর্টের মাধ্যমে দেশের জনগণ বুঝতে পারছে যে বিশ্ববাসী আজকে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে আজকে দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই চ্যালেঞ্জ শুধু বিএনপি বা জোটের বিষয় নয়। এটা দেশের সব নাগরিকের।

বাংলাদেশে এখন সংকট চলছে দাবি করে তা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করে খসরু বলেন, বাংলাদেশের গরিব মানুষ ও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনিতে গত ১০ বছরে তাদের প্রকৃত আয় কমে গেছে। এই ধরনের মূল্য বৃদ্ধির মাধ্যমে তাদের ক্রয় ক্ষমতা আরও কমে যাবে। অথচ ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের সম্পদ বাড়ছে।

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, শামীমুর রহমান শামীম, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাসান জাফির তুহিন, এ্যাবে’র আহ্বায়ক রাশিদুল হাসান হারুন, প্রথম যুগ্ম আহ্বায়ক গোলাম হাফিজ কেনেডি, সদস্যসচিব জি কে মোস্তাফিজুর রহমান প্রমুখ।