সভায় নৌ প্রতিমন্ত্রী

চেতনা দুর্বল হওয়ায় প্রতিক্রিয়াশীলদের আক্রমণ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুজিব চেতনা দুর্বল হওয়ার কারণেই প্রতিক্রিয়াশীলরা এখনো আক্রমণের সুযোগ পায়। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই আয়োজন করে।

খালিদ মাহমুদ বলেন, ‘আমরা বলি মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। কিন্তু সেই চেতনা ও বিশ্বাসের জায়গা আমাদের এখনো শক্তিশালী হয় নাই। আর হয় নাই বলেই এখনো প্রতিক্রিয়াশীলরা আমাদের ওপর আক্রমণ করে। আমাদের অর্থনীতি খামচে ধরার চেষ্টা করে, আমাদের সংস্কৃতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিপ্লব করতে চেয়েছিলেন। কিন্তু আমরা সাংস্কৃতিক বিপ্লবকে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি রেদুয়ান খন্দকার।