অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছেন, সেটা এখন সংশোধনের প্রয়োজন। এখন সেটা কীভাবে সংশোধন করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর ও এস-ফোর্স কমান্ডারর সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ (অবঃ)।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে একাত্তরের মুক্তিযোদ্ধা আয়োজিত ‘মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেনারেল কে.এম. সফিউল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধাদের তেমন সম্মান দেন না। বর্তমানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা অমুক্তিযোদ্ধা এবং অনেকেই রাজাকার। তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে না। আমরা তো তাকিয়ে থাকি মন্ত্রণালয়ের দিকে। তারা যদি আমাদের কথা না শোনে তাহলে একটা সংগঠন করে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে।
তিনি আরও বলেন, আমরা নামের জন্য মুক্তিযুদ্ধ করি নাই। কিন্তু একবার ভাবুন সেই সময়ে আমরা যদি অস্ত্র না ধরতাম তাহলে আজ কী হতো তা আমি জানি না। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে। কিন্তু সেটা হচ্ছে না।
মুক্তিযুদ্ধের সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু বলেন, আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের সঙ্গে সঠিক রাজাকারদের তালিকাও দেখতে চাই এই সঠিক তালিকা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
সভায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ বীর প্রতীক (অবঃ), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অবঃ), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হান্নান হোসেন প্রমুখ ।