রাজধানীর আবদুল্লাহপুরে চতুর্থবারের মতো পাইপলাইন কেটে গ্যাস নির্গতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টা ৫০ মিনিটে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে সড়কের কিছু অংশ বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, উত্তরা-আবদুল্লাহপুর রোডে বিআরটি প্রকল্পের কাজ করতে গিয়ে গ্যাসের বিতরণ পাইপলাইন কেটে গ্যাস বের হতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী দেশ রূপান্তরকে জানান, গ্যাস ট্রান্সমিশন বন্ধ রয়েছে। রাত ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।