কাফনের কাপড় বেঁধে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর খিলক্ষেতে চাঁদাবাজির প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত ইজিবাইক (অটোরিকশা) ও ব্যাটারিচালিত রিকশাচালকরা। গতকাল শনিবার দুপুরে লেকসিটি ও বরুয়া এলাকায় সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। গত মঙ্গলবার থেকে তারা কর্মবিরতি পালন করছেন।

চালকরা জানান, খিলক্ষত এলাকায় প্রায় ১২শ ইজিবাইক ও এক হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। ইজিবাইক থেকে দৈনিক ৫০ টাকা ও ব্যাটারিচালিত রিকশা থেকে ৩০ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। সাত্তার নামে এক লাইনম্যান এসব টাকা তুলছে। চাঁদার একটি অংশ স্থানীয় ট্রাফিক ও থানা পুলিশকেও দেওয়া হয়। তারপরও পুলিশ তাদের হয়রানি করছে। টাকা না দিলে ব্যাটারি খুলে রাখে।

মনির নামে এক চালক বলেন, ‘ঋণ নিয়ে ইজিবাইক ও রিকশা ক্রয় করেছি। এখন কী অবস্থা হবে।’ খিলক্ষেত থানার এসআই মশিউর রহমান বলেন, ‘কিছু অটোরিকশা আটক করা হয়েছে। হয়তো এ কারণে চালকরা বিক্ষোভ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’