নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গতকাল শনিবার সকালে পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মদ শিহাব উদ্দিন সৌরভ (২৪) এবং বরিশালের উজিরপুরের মাহাদী হাসান ওরফে মেহেদী হাসান (২২)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট।
গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘শিহাব উদ্দিন সৌরভ এমআইএসটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে ২০১৬ সাল থেকে পলাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি ছাত্রজীবনে ২০১৩ সালে জসিম উদ্দীন রাহমানির লেকচার শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হন। ২০১৪ সালের দিকে ফেইসবুকে আফগানিস্তান ও সিরিয়াসহ মুসলমানদের ওপর বিভিন্ন হামলার চিত্র দেখে তার মধ্যে উগ্রবাদী চেতনা আরও প্রকট হয়। পরে কথিত বড় ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে আনসার আল ইসলামে যোগদান করেন তিনি।’