গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি ঐক্য ন্যাপের

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টির (ঐক্য ন্যাপ) সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি দাবি জানান।
গ্যাসের মূল্য বৃদ্ধি জায়েজ করার নামে সদ্য সমাপ্ত গণশুনানিকে গণদুশমনি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যেখানে গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় আছে, সেখানে এ রকম গ্যাসের মূল্য বৃদ্ধির যুক্তি কোথায়।’ এ সময় তিনি অযৌক্তিক গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে জনগণকে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ প্রমুখ।