জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড়ে শতাধিক মানুষ নিখোঁজ

জিম্বাবুয়ের পূর্বাঞ্চলীয় মোজাম্বিক নগরে ঘূর্ণিঝড় এডাই আঘাত হেনেছে। বিবিসি জানিয়েছে, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

মানিকালান্ড প্রদেশের মোজাম্বিকের সীমান্তবর্তী কিছু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তলিয়ে গেছে বড় বড় ব্রিজ।

চিমানিমানি জেলার সংসদ সদস্য জশু সাক্কো বলেন, ‘যত দূর জানা গেছে এতে ১০০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই মারা গেছেন।’

তিনি জানান, চিমানিমানি শহরের নগানগু পৌর এলাকায় ভূমি ধস হলে প্রায় ২৫ টি বাড়ি ভাসিয়ে নিয়ে যায়। সেখানে জনবসতি ছিল।

মোজাম্বিকের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সপ্তাহের শুরুতে মোজাম্বিকে ভারী বৃষ্টিপাত হয়। এখন পর্যন্ত ১৭০০ লোক আহত ও গৃহহারা হয়ে পড়েছেন।

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনী থেকে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে গুরুতর আহত ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।