মসজিদে হামলার ঘটনায় লাইফ সাপোর্টে কিশোরগঞ্জের লিপি

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে বন্দুক হামলায় আহত হয়েছেন কিশোরগঞ্জের সাজেদা আক্তার লিপি (২৬)। তিন দিন ধরে তাকে সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান তার সঙ্গে থাকা স্বামী মাসুদ মিয়া।

সাজেদা আক্তার লিপির বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামে। তার বাবার নাম গোলাপ মিয়া। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে লিপি তৃতীয়।

সাজেদা আক্তারের স্বামী মাসুদ মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ অষ্টঘড়িয়া গ্রামে। তার বাবার নাম জালাল বেপারী। তিন ভাই ও দুই বোনের মধ্যে মাসুদ মিয়া দ্বিতীয়।

পাঁচ বছর আগে মাসুদ ও লিপির বিয়ে হয়। বিয়ের পরপরই স্বামী মাসুদ মিয়া নিউ জিল্যান্ডে পাড়ি জমান। দুই বছর পর বাড়িতে এসে স্ত্রী লিপিকেও নিউ জিল্যান্ডে নিয়ে যান। দুজনেই ওই দেশে চাকরিরত।

নিউ জিল্যান্ডে থাকা মাসুদ মিয়ার ছোট ভাই খোকন মিয়া জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে প্রতিবারের মতো ওই দিন দুপুরে এক গাড়িতে করে স্বামী মাসুদের সঙ্গে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গিয়েছিলেন লিপি। লিপিকে মসজিদের ভেতরে পাঠিয়ে গাড়িটি সঠিক জায়গায় পার্কিং করতে যান মাসুদ। ঠিক এই সময় শুরু হয় বন্দুক হামলার ঘটনা।

মাসুদ নিরাপদ দূরত্বে চলে যেতে পারলেও কোনো সুযোগ পাননি তার স্ত্রী লিপি। দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে এলোপাতাড়ি গুলিতে লিপির বুকের বাম পাশে দুটি গুলি লাগে। লিপি লুটিয়ে পড়েন মসজিদের ফ্লোরে।

ঘটনার পর লিপিকে পুলিশ উদ্ধার করে ক্রাইস্টচার্চ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লিপির শরীরে দু’দফা অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর লিপিকে গত তিন দিন ধরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। লিপির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন খোকন মিয়া।

মাসুদের গ্রামে গিয়ে লিপির শ্বশুর মো. জালাল বেপারীর সঙ্গে কথা হলে তিনি অশ্রুসজল চোখে বলেন, বিয়ের দুই বছর পর লিপিকে নিউজিল্যান্ডে নিয়ে যায় মাসুদ। লিপি তার স্বামী মাসুদ, ভাশুর নজরুল, দেবর খোকন, ননদ জেসমিন ও জেসমিনের স্বামী ফারুককে নিয়ে ক্রাইস্টচার্চে প্রবাস জীবন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, হামলার সময় আল নুর মসজিদে কিশোরগঞ্জের কটিয়াদীর মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামের উমর জাহিদ মাসুম (৩৪) এবং আফসানা আক্তার রিতুও (৩০) উপস্থিত ছিলেন। ভাগ্যের জোরে তারা দুজনেই বেঁচে গেছেন বলে খবর পেয়েছেন।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পুত্রবধূর জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন জালাল বেপারী।