বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল কেটে মুক্তিপণের দাবিতে চুরি করে নিয়ে যাওয়ার সাত দিন পর আড়াই মাস বয়সী শিশু আব্দুল্লাহ’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের একটি মাছের ঘেরের ল্যাট্রিন থেকে শিশু আব্দুল্লাহ’র মৃতদেহটি উদ্ধার করা হয়।
শনিবার হৃদয় চাপরাশিকে (২০) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আটক করে পুলিশ ইনভেস্টিগেটিভ ব্যুরো (পিবিআই)।
এর আগে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার মা, ভাই, বোন ও স্ত্রীসহ মোট পাঁচজনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদয়ই শিশু আব্দুল্লাহকে চুরি করেছে বলে পুলিশ দাবি করে আসছিল।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) রিয়াজুল ইসলাম বলেন, পুলিশের হাতে আটক শিশু অপহরণের প্রধান সন্দেহভাজন হৃদয় চাপরাশির দেওয়া তথ্য অনুযায়ী, মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের একটি মাছের ঘেরের ল্যাট্রিন থেকে শিশু আব্দুল্লাহ’র মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
গত ১১ মার্চ দলিল লেখক সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী শিশু আব্দুল্লাহকে হৃদয় ও তার সহযোগীরা মুক্তিপণের দাবিতে অপহরণ করেন। শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে শিশুটি চিৎকার করে কান্নাকাটি করার কারণে পথেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশের একটি মাছের ঘেরের ল্যাট্রিনের স্লাবের নিচে লুকিয়ে রাখে। হৃদয় মুক্তিপণের দাবিতেই এই শিশুটিকে চুরি করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। হৃদয়ের অন্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিশুটির বাবা সোহাগ হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার মতো যেন আর কোনো বাবা-মার কোল খালি না হয় সেজন্য তিনি অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান ও আব্দুর রহিম বাচ্চু বলেন, আড়াই মাসের শিশুটিকে মুক্তিপণের দাবিতে সন্ত্রাসীরা অপহরণের পর এলাকাবাসী উদ্বিগ্ন ছিলেন। আজ পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। শিশুটিকে হত্যা করায় এলাকাবাসী দারুণ কষ্ট পেয়েছে। এ ধরনের ঘটনা আগে পরে কখনো না হওয়ায় আমরা গ্রামবাসী আতঙ্কিত ছিলাম। এই অপরাধীদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।
গত ১১ মার্চ মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী শিশু আব্দুল্লাহকে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে জানালার গ্রিল কেটে চুরি নিয়ে যায় একদল দুর্বৃত্ত।