মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিষপানে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

সুনামগঞ্জে মো. জলফে আলী (৮০) নামের এক মুক্তিযোদ্ধা বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের  বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জলফে আলী সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা গ্রামের মৃত আমির আলী ছেলে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের আয়োজনে অংশগ্রহণ করার জন্য নারায়ণতলা থেকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আসেন জলফে আলী। পরে তিনি ভবনের বাথরুমে যান। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বাথরুম থেকে বের না হলে ভবনে অবস্থান করা অন্য মুক্তিযোদ্ধারা পুলিশে খবর দেন। বিকেলে এসে পুলিশ বাথরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

 

এ সময় লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল জব্দ করে। পরে ময়নাতদন্ত’র জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লা খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি।