ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ৫৮

ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। শনিবার প্রাদেশিক রাজধানী জয়াপুরায় অতিবৃষ্টির ফলে আকস্মিক এ দুর্যোগের সৃষ্টি হয়।

রবিবার সাউথ চায়না মর্নিং পোস্টকে দেশটি এক কর্মকর্তা জানান, বন্যায় পাহাড় ধস, পাথর ও গাছের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত ৫৮ জন মারা গেছে।

রয়টার্সকে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পারউ নুগ্রোহো জানান, বন্যার পানি নেমে যাওয়ায় উদ্ধার কার্যক্রম চলছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বন্যায় গুরুতর আক্রান্ত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয় ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরের ছোট একটি উড়োজাহাজও। 

সুতোপো আরও বলেন, বন্যায় কমপক্ষে ৯টি বাড়ি, দুটি সেতু ও বিমানবন্দরে পার্ক করে রাখা টুইন ওটার উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এরপরও প্রদেশের যোগাযোগের প্রাণকেন্দ্র সেন্তানি বিমানবন্দর চালু রাখা হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এই কর্মকর্তার ভাষ্য, কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে স্থানীয় সরকারগুলোকে পার্বত্য অঞ্চলে বন উজাড় করার কারণে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে।

তিনি স্থানীয় চ্যানেল কম্পাস টিভিকে বলেন, ‘সাইক্লোপস পর্বতমালায় বন ধ্বংসের কারণে বন্যা বা আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক হতে আমরা স্থানীয় কর্তৃপক্ষকে বলেছি।’

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পানি কমে গেছে। তবে বন্যার কারণে আক্রান্ত শহরের প্রধান সড়কগুলোতে মাটি, কাঠ ও ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।