ছিনতাইকারীদের কবলে পড়ে মূল্যবান অলংকার ও মোবাইল ফোনসেট খুইয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী। শ্যুটিং শেষে বাসায় ফেরার পথে গত শনিবার রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে এ ঘটনা ঘটে। এ সময় রোজীর গাড়িচালকের মোবাইল সেটসহ কিছু টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
রূপনগর থানার ওসি শেখ মো. শাহ আলম জানান, এ ঘটনায় গতকাল রবিবার রোজী সিদ্দিকী থানায় মামলা করেছেন। ছিনতাইকারীদেরে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার থেকে জানা যায়, আশুলিয়ায় শ্যুটিং শেষে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে রূপনগরের বেড়িবাঁধের পঞ্চবটী এলাকায় পৌঁছলে রোজীকে বহনকারী ব্যক্তিগত গাড়িটিতে প্রচণ্ড শব্দ হয়। এ সময় চালক গাড়ি থামিয়ে চাকা পরীক্ষা করতে গেলে চার ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে। তারা রোজীর হাত থেকে দুটি হীরার আংটি, কানের দুল (স্বর্ণের), মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। জানতে চাইলে রোজীর স্বামী শহীদুজ্জামান সেলিম বলেন, তার স্ত্রী ডাকাতদের কবলে পড়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন।