ডিআরইউতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে গতকাল রবিবারের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনারারি অধ্যাপক সৈয়দ আবুল র্বাক আলভী। প্রতিযোগিতায় বয়সভিত্তিক ‘ক’ বিভাগে ৩৫ এবং ‘খ’ বিভাগে ১৫ জন অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, ‘দেখে কোনো কিছু অঙ্কন করার চেয়ে নিজের যা ইচ্ছে হবে তাই আঁকতে হবে। তোমাদের মাঝেই বঙ্গবন্ধুর স্বপ্ন লুকিয়ে আছে। আঁকাআঁকি করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘তোমাদের সামনে রয়েছে সুন্দর ভবিষ্যৎ। পেনসিল আর তুলি দিয়ে সেই ভবিষ্যৎ এখনই তৈরি করতে হবে।’

সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, নারীবিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে আকসা, দ্বিতীয় অংকুর রায়, তৃতীয় আরিশা আরিয়ানা এবং ‘খ’ বিভাগে প্রথম নুসাইবা জারিন লামিয়া, দ্বিতীয় নাফিসা রাইয়ান কবীর ভিন্নতা ও তৃতীয় নূর সাহিফা শৈলী। বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী, এম এ কুদ্দুস ও আনিসুজ্জামান সোহেল।