ইতিহাস সংরক্ষণে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্যপুস্তকে অন্তভুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। গতকাল রবিবার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণই কালজয়ী। তার ৭ই মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিল এবং এটি ছিল স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র। বঙ্গবন্ধুর এমন অনেক ভাষণ আছে, যেখানে একটা জাতির এগিয়ে যাওয়ার ও প্রতিবন্ধকতায় উত্তরণের দিকনির্দেশনা আছে। আমি মনে করি বঙ্গবন্ধুর ভাষণগুলো বিভিন্ন পর্যায়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত।’
উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘বন্ধবন্ধুই প্রথম বাঙালির জন্য একটি স্বাধীন, সার্বভৌম আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন। বাংলাদেশ জন্মানোর পুরা কৃতিত্বই তার। তিনি ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নির্যাতিত বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।’ বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা বইগুলো পড়তে নতুন প্রজন্মকে আহ্বান জানান তিনি।