খুলনায় মানববন্ধন তামাকদ্রব্যে কর বাড়ানোর দাবি

তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে খুলনায় মানববন্ধন করেছে কয়েকটি সংস্থা। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে তামাকবিরোধী সংগঠন এইড ফাউন্ডেশন, সিয়াম ও রূপসা এ মানববন্ধন করে।

এতে বক্তব্য দেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মণ্ডল, সাধারণ সম্পাদক এস এম জি নেওয়াজ, সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাছুম বিল্লাহ, মোয়াম্মের আবদুল্লাহ, ইসমত আরা হিরা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের তথ্য অনুসারে পৃথিবীর যেসব দেশে তামাক খুব সস্তা বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তামাকের উচ্চমূল্য জনগণকে এটি ব্যবহারে নিরুৎসাহিত করে। শুল্ক কাঠামো অত্যন্ত জটিল হওয়ায় তা দেশে তামাকের ব্যবহার ও ক্রয় ক্ষমতা হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তারা বলেন, সারা বিশ্বে মূল্যবৃদ্ধি এবং উচ্চহারে করারোপ তামাক নিয়ন্ত্রণে কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে তামাকের কর নির্ধারণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ অবস্থায় জনস্বাস্থ্য উন্নয়নে করনীতি প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ আগামী বাজেটে তামাকদ্রব্যের ওপর উচ্চহারে করারোপ করতে হবে।