‘এ’ গ্রুপের মতো ‘বি’ গ্রুপেও আগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ভারত ও শ্রীলঙ্কা। দু’দলই হারিয়েছিল মালদ্বীপকে। গতকাল বিরাটনগরের শহিদ রঙ্গশালা স্টেডিয়ামে দু’দল নেমেছিল গ্রুপ নির্ধারণী ম্যাচে। অসম এই লড়াইয়ে পরাক্রমশালী ভারত ৫-০ গোলের ব্যবধানে জিতে হয়েছে ‘বি’ গ্রুপসেরা। আর এই জয়ে সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশকে পেল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য সেমিফাইনালে স্বাগতিক নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি সেমিফাইনালই হবে ২০ মার্চ। গতকাল ভারতের জয়ে সেমি থেকেই ২০১৬ সালের শেষ আসরের ফাইনালের দুই প্রতিপক্ষ ভারত ও বাংলাদেশের মধ্যকার এক দলের বিদায় নিশ্চিত হলো। আসরের ফাইনাল ২২ মার্চ।
গতকাল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে চতুর্থ মিনিটেই গ্রেসি দাংমেইয়ের গোলে এগিয়ে যায় চারবারের চ্যাম্পিয়ন ভারত। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সন্ধ্যা রঙ্গনাথন। ৩৬ মিনিটে ইন্দুমতি এবং ৪৫ মিনিটে সঙ্গীতা বাসফোরে গোল করলে প্রথমার্ধেই ভারত এগিয়ে যায় ৪-০ গোলে। দ্বিতীয়ার্ধে বালা দেবী গোল করে ভারতের ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।