দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট চলছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৬ জেলার ১১৬ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ রোববার দেশ রূপান্তরকে জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিবন্ধকতা রয়েছে সেই উপজেলাগুলো চিহ্নিত করা হয়েছে। ছয় থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিন পার্বত্য জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ছাড়া চার উপজেলায় অতিরিক্ত ফোর্স বিজিবি মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় ধাপের এই ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৮ জন। তাদের মধ্যে রয়েছেন ২৩ জন চেয়ারম্যান, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ১২ জন নারী ভাইস চেয়ারম্যান।

গত ৭ ফেব্রুয়ারি ১৮ মার্চ ভোটের দিন রেখে ১২৯ উপজেলার তফসিল ঘোষণা করে ইসি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৬ উপজেলায় ভোটের দরকার পড়ছে না। ছয় উপজেলার ভোট পিছিয়েছে ইসি। আদালতের নির্দেশে গোবিন্দগঞ্জের নির্বাচন স্থগিত রয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বড় রাজনৈতিক দলগুলো এবারের উপজেলা নির্বাচন বর্জন করায় এতে তেমন সাড়া মেলেনি।

গত ১০ মার্চ প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট হয়; ভোট পড়ে ৪৩ শতাংশ। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও নানা কারণে ভোট হয় ৭৮ উপজেলায়।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান হন ২৮ জন। আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপ ও ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোট হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট ১৮ জুন।

এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।

ইসির তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে লড়ছেন ১ হাজার ৩২৫ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৪৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪০০ জন। ১১৬ উপজেলায় ভোটকেন্দ্র ৭০৩৯টি; ভোটার ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন।

দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় ভোট : রাজশাহী বিভাগের বগুড়া জেলার সদর, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, আদমদীঘি, দুপচাঁচিয়া, ধুনট, শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সোনাতলা; নওগাঁর আত্রাই, নিয়ামতপুর, সাপাহার, পোরশা, ধামইরহাট, বদলগাছী, রানীনগর, মহাদেবপুর, পত্নীতলা ও মান্দা; পাবনার আটঘরিয়া, বেড়া, ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, সাঁথিয়া ও সুজানগর।

রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সদর, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল; রংপুরের গঙ্গাচড়া, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগঞ্জ; গাইবান্ধার সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও পলাশবাড়ী; দিনাজপুরের কাহারোল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, বিরামপুর, বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরল, পার্বতীপুর, খানসামা ও ঘোড়াঘাট।

ঢাকা বিভাগের ফরিদপুর জেলার বোয়ালমারী, চরভদ্রাসন, সদরপুর, সালথা, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা ও ভাঙ্গা।

সিলেট বিভাগের সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজারের বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী; রাঙ্গামাটির সদর, লংগদু, নানিয়ারচর, কাপ্তাই, জুরাছড়ি, বাঘাইছড়ি, কাউখালী, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ি; বান্দরবানের সদর, রোয়াংছড়ি, আলীকদম, থানচি, লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ি; খাগড়াছড়ির সদর, মানিকছড়ি, লক্ষীছড়ি, দীঘিনালা, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় এবং কক্সবাজারের চকরিয়া।