টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম জয়ের দেখা পেতে মোটেই অপেক্ষা করতে হলো না আফগানিস্তানকে। দ্বিতীয় টেস্টেই জয়োল্লাসে মাতার পাশাপাশি ইতিহাসের পাতায়ও জায়গা করে নিয়েছে দলটি।
আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে আফগানিস্তান। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার টেস্টের চতুর্থ দিন জয়ের জন্য দরকার ছিল মাত্র ১১৮ রান। ইহসানউল্লাহ ও রহমত শাহর অনবদ্য অর্ধশতকে কাজটা সহজেই সাড়ে আফগানরা।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পায় ইংল্যান্ড ও পাকিস্তান। দ্বিতীয় টেস্টে জয় পেয়ে ৬৭ বছর পর দল দুটির পাশে নাম লেখালো আফগানিস্তান।
১ উইকেটে ২৯ রান নিয়ে দিন শুরু করে আফগানিস্তান। ইহসানউল্লাহ ও রহমতের ১৩৯ রানের জুটি দলটিকে নিয়ে যায় জয়ের খুব কাছে। জয়টি হতে পারতো আরো বড় ব্যবধানের।
রহমত যখন ১২২ বলে ১৩ চারে ৭৬ রানের ইনিংস খেলে স্টাম্পড হয়ে উইকেট ছাড়ছিলেন আফগানিস্তান তখন জয়ের লক্ষ্য থেকে মাত্র ৩ রান দূরে। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে রান আউট হন মোহাম্মদ নবী।
অপেক্ষা আর বাড়াননি হাশমতউল্লাহ শহিদি। ব্যাটিংয়ে এসে প্রথম বলেই চার মেরে তিনি আফগানিস্তানের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি। ১২৯ বলে ৬৫ রান করে অপরাজিত ওপেনার ইহসানউল্লাহ। তার ইনিংসটি আট চার ও দুই ছক্কায় সাজানো।
দুই ইনিংসেই অর্ধশতকের দেখা পাওয়া রহমতের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।