নয় মিনিটের মধ্যে ছয় শিশুর জন্ম দিয়ে অভাবনীয় নজির রেখেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে শুক্রবার সকালে এ নজিরবিহীন ঘটনার জন্ম দেন তিনি।
নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, টেক্সাসের উইমেন্স হাসপাতালে থেলমা কিয়াকা নামে এ কৃষ্ণাঙ্গ নারী এদিন চার ছেলে এবং দুই মেয়ে শিশুর জন্ম দেন। এই ছয় শিশুই জন্ম নেয় স্থানীয় সময় ভোর সাড়ে চারটা থেকে চারটা ৫৯ মিনিটের মধ্যে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ছয় নবজাতকই সুস্থ আছে। তারা বেশ স্বাস্থ্যবান এবং শারীরিকভাবেও তারা স্বাভাবিক আছে। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে তাদের জন্ম পরবর্তী পরিচর্যা দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে দুই মেয়ে শিশুর নাম রেখেছেন মা কিয়াকা। মেয়েদের জিনা এবং জুরিয়েল নামেই ডাকবেন তিনি। তবে চার ছেলে শিশুর নাম ঠিক করতে পারেননি এখনো।
প্রসঙ্গত, ৪৭০ কোটি ঘটনার মধ্যে একসঙ্গে ছয় শিশুর জন্মের ঘটনা ঘটে মাত্র একটি। আর সেই অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছেন কিয়াকা।