মিথিলার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৃজিত

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা মিথিলা। এমন খবর চাউর হওয়ার পর মুখ খুললেন সৃজিত মুখার্জি। তিনি জানালেন বিয়ের খবরটি নিছকই গুঞ্জন। তবে মিথিলা তার ভালো বন্ধু। যদিও সব তারকাই বলে থাকেন অমুক আমার জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু নয়। কিন্তু পরে ঠিকই দেখা যায় গুঞ্জনটাই সত্য। দিন শেষে সৃজিত মিথিলার ক্ষেত্রেও তা সত্যে পরিণত হবে কিনা? জবাবে গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, ভবিষ্যতে কি হবে না হবে সেটা তিনি বলতে পারবেন না। তবে মিথিলার সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে এটা সত্য। আর এটাও সত্য যে তার সঙ্গে এই মুহূর্তে কোনো বিয়ের ব্যাপার ঘটছে না।

বাংলাদেশি জনপ্রিয় সংগীত তারকা অর্ণবের মামাতো বোন রাফিয়াত রশিদ মিথিলা। অর্ণবের মাধ্যমেই সৃজিতের সঙ্গে পরিচয় ঘটে মিথিলার। সৃজিতের পরিচালনায় একটি গানের শুটিংয়ে সম্প্রতি অংশ নিতে কলকাতায় যান মিথিলা। সেখানেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। মাঝে মিথিলাকে নিয়ে পুরো কলকাতা শহর ঘুরিয়েও দেখিয়েছেন সৃজিত। তাদের ঘোরাঘুরির ছবি ছড়িয়ে পড়লে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’ খবর প্রকাশ করে যে তারা বিয়ে করতে যাচ্ছেন। শুধু ইন্ডিয়ান টাইমস নয়, কলকাতার জনপ্রিয় পত্রিকা এই সময়ও একই সংবাদ প্রকাশ করে। সংবাদমাধ্যমটি বলেছে আগামী বছর তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

এসব সংবাদ প্রকাশ হওয়ার পর গণমাধ্যমে সৃজিত জানিয়েছেন, খবরটি তিনিও পড়েছেন। আর তাকে নিয়ে এমন খবর সেই ২০১০ সাল থেকেই বের হচ্ছে। তিনি যেসব নায়িকাকে নিয়ে কাজ করেছেন তার ৯০ ভাগের সঙ্গেই সৃজিতের বিয়ের গুঞ্জন প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন সৃজিত। এসব খবরকে ভিত্তিহীন বলেও উড়িয়ে দেন তিনি।