ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের স্মৃতিকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী -এমনই অভিযোগ করে কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপি দাবি করে প্রিয়াঙ্কা এর আগেও বহুবার স্বরাজ ভবনে গিয়েছেন কিন্তু ভোটের আগে সেখানে গিয়ে ইন্দিরার আবেগঘন স্মৃতি সামনে এনে বিষয়টাকে রাজনৈতিকভাবে উসকে দিয়েছেন তিনি।
গতকাল প্রয়াগরাজ ইলাহাবাদ থেকে গঙ্গা নদীতে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই প্রিয়াঙ্কা তার ঠাকুরমার স্মৃতি বিজড়িত স্বরাজ ভবনে রাত কাটান। এরপর টুইটও করেন ভারতীয় রাজনীতির এই নতুন ক্রেজ। টুইটে কিছু ছবি পোস্ট করেন। সেই সব ছবির ভেতর দেয়ালে ঝোলানো মহাত্মা গান্ধীর সঙ্গে ছোট্টবেলার ইন্দিরার ছবিও রয়েছে। ছবি পোস্ট করে তিনি টুইটে লিখেন, ‘স্বরাজ ভবনে বসে ঠাকুরমার ঘরটি দেখছি।এই ঘরেই তার জন্ম। কত রাত জন অব আর্কের গল্প শুনিয়ে এখানেই আমাকে ঘুম পাড়িয়েছেন। এখনো সেই সুর আমার হৃদয়ে বেজে উঠে।’ প্রিয়াঙ্কা আরও লিখেন, ‘ঠাকুমা বলতেন ভয় পেয়ো না। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।’
এদিকে প্রিয়াঙ্কার তিন দিনের নৌবিহার শেষ হবে নরেন্দ্র মোদির এলাকা বারাণসীতে গিয়ে। এই দীর্ঘপথে তিনি গঙ্গার দুই তীরের মানুষের সঙ্গে কথা বলবেন।মূলত নরেন্দ্রে মোদির শাসনকালে গঙ্গার তীরবর্তী এই মানুষদের জীবনের মানোন্নয়নের চিত্র সরেজমিনে দেখতেই এই সফর করছেন প্রিয়াঙ্কা।