ফিলিপাইনে একটি মৃত তিমির পেট থেকে বের করা হয়েছে ৪০ কেজি প্লাস্টিক বর্জ্য। এমনকি তার পেটের ভেতরে পাওয়া গেছে চালের ১৬টি খালি বস্তাও।
বিবিসি জানায়, এ মাসের শুরুতে ডাভাও শহরের পশ্চিম উপকূলে মৃত তিমিটিকে উদ্ধার করা হয়। ডি বোন কালেক্টর মিউজিয়ামের কর্মীরা এর পেট থেকে প্লাস্টিক বর্জ্য বের করে।
মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, এ রকম প্লাস্টিক ব্যাগ এর আগে কোনো তিমির পেটে পাওয়া যায়নি। প্লাস্টিক বর্জ্য ফেলে যারা সমুদ্রকে দূষিত করছে, তাদের বিরুদ্ধে সরকারের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড্যারেল ব্যালেচলি বলেন, তিমিটির পেটে এত বেশি প্লাস্টিক বর্জ্যের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এর পরিমাণ অনেক বেশি। নানা ধরনের প্লাস্টিক দ্রব্য আছে এতে।
সমুদ্রে প্লাস্টিক ব্যাগসহ নানা ধরনের বর্জ্যে সমুদ্র দূষণ দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর অন্যতম সমস্যা। ২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের ৬০ শতাংশ প্লাস্টিক বর্জ্যই সমুদ্রে গিয়ে মিশে।