নেদারল্যান্ডসের ট্রামের ভেতরে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। ইউট্রেখট শহরে সকালে সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
বিবিসি জানায়, ট্রামের ভেতরে বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শহরের মেয়র নিশ্চিত করেছেন। এতে আরও নয়জন আহত হয়েছেন।
ডাচ পুলিশ একে 'সন্ত্রাসী হামলা' বলেই অনুমান করছে। যদিও বন্দুকধারীকে এখনো শনাক্ত করতে পারেনি তারা।
তবে সন্দেহভাজন হিসেবে গুকমেন তানিস নামে ৩৭ বছর বয়সী তুরস্কের এক নাগরিককে পুলিশ খুঁজছে। তার ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সন্ত্রাসীকে গ্রেপ্তার অভিযানের সময় শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডাচ অ্যান্টি-টেররিজমের কো-অর্ডিনেটর পিটার ইয়াপ আলবার্সবার্গ বলেন, সন্ত্রাসী ঘটনা হিসেবে আমরা এটিকে অস্বীকার করছি না। এখনো এটি আমাদের কাছে অপরিষ্কার। স্থানীয় প্রশাসন অনুসন্ধান চালাচ্ছে।
এদিন শহরের একাধিক স্থানে বন্দুক হামলা ঘটেছে বলে তিনি যোগ করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।