বৃষ্টি ভেজা রাতে মাগুরার সংগীত প্রেমী শ্রোতাদের সুরের মূর্ছনায় ভাসিয়ে গেলেন জি বাংলা সারেগামাপা’র অন্যতম প্রতিযোগী জনপ্রিয় কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল। একে একে তিনি দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গাওয়া গান.. ‘সেই তুমি কেন এত অচেনা হলে, ছেলে আমার বড় হবে, দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ’সহ বেশ কয়েকটি গান গেয়ে শ্রোতাদের আনন্দে ভাসিয়ে দেন।
রবিবার রাতে নোবেলের গান শুনতে ও তাকে এক নজর দেখার জন্য মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দুপুর থেকেই হাজার হাজার সব শ্রেণির মানুষ শহরের নোমানী ময়দানে ভিড় করতে থাকে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর রাত ৯টায় নোবেলের গান শুরু হলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার সব বয়সী নারী-পুরুষ উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠে। এ ছাড়া এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের আর এক জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগীত পরিবেশন করেন তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে মাগুরা নোমানী ময়দানে ব্ল্যাক আউট কর্মসূচি ও কেক কাটা হয়।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কণ্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অন্যান্যরা।