ক্রিকেটারদের মাঠে ফেরার পক্ষে মাশরাফী

মাঠ থেকে দূরে থাকা নয়, ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি ভুলতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বরং দ্রুত মাঠে ফেরারই পরামর্শ দিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার মতে সবকিছু থেকে দূরে থাকলে বরং হিতে বিপরীতই হতে পারে।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ড। এদিন আবাহনী লিমিটেডের হয়ে মাঠে নামবেন মাশরাফী। সোমবার মিরপুর একাডেমি মাঠে এসেছিলেন অনুশীলনে। এ সময় আবাহনীর অনুশীলনে ছিলেন সৌম্য সরকারও। ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি যিনি খুব কাছ থেকে দেখেছেন।

সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার আবাহনীর হয়ে মাঠে নামতে পারেন সৌম্য সরকার। মাশরাফী বিন মোর্ত্তজা তাকে সেই পরামর্শই দিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে মাশরাফীর উদ্ধৃতি উল্লেখ করে।

যেখানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘‘আমি মনে করি মানসিক আঘাত কাটিয়ে উঠতে সবচেয়ে ভালো উপায় হবে ক্রিকেট মাঠে ফেরা। কারণ আপনি যখন নিজেকে আবদ্ধ রাখবেন, তখন এ থেকে বেরিয়ে আসার ‍ুউপায় থাকবে না।’’

সৌম্য সরকারকেও তাই মাঠে ফিরতে বললেন মাশরাফী, ‘‘আমি সৌম্যকে বলব দ্রুতই ডিপিএলে মাঠে নামতে।’’ সৌম্যও জানিয়েছেন মাঠে ফেরার কথা, ‘‘আমি যখন বাড়িতে একা থাকব তখন সবকিছু ফিরে ফিরে আসবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আবাহনীর হয়ে মাঠে নামব।’’

গেল শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যাতে নিহত হয়েছেন ৫০ জন। আক্রান্ত দুই মসজিদের একটি- আল নূর মসজিদে জুম’আর নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ভাগ্যক্রমে সেদিন প্রাণে বেঁচে যান তারা।

শনিবার টাইগাররা দেশে ফেরার পর বিমানবন্দরে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘‘ওদেরকে বলেছি, যাও বাসায় যাও। সবকিছু বাদ দিয়ে, ঠান্ডা মাথায়, নিজেদের মতো করে যা ভালো লাগে সেভাবে কাটাও।’’