বাড্ডায় বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে জুলহাস হোসেন (৩৫) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

সোমবার রাত ৯ টার দিকে পশ্চিম মেরুল বাড্ডার ম-১০০ নম্বর বাসার সামনে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১০ টায় মৃত ঘোষণা করেন।

নিহতের বড়বোন সমমেহের জানান, জুলহাসকে সাথে করে বাসার সামনের একটি ফার্মেসিতে মা আম্বিয়া খাতুনের জন্য ওষুধ আনতে যাই। ফার্মেসির সামনে যাওয়ার পর দুই যুবক এসে জুলহাসের গলা জড়িয়ে ধরে। এরপর তার বুকে গুলি করে দৌড়ে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে সে রাস্তায় পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৯ টার দিকে ওই ফার্মেসির সামনে একটি গুলির শব্দ শুনতে পাই। ওদিক ফিরে তাকাতেই দুই যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখি। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর। তারা ওই এলাকারই। জুলহাসের সঙ্গেও তাদের এর আগে কথা বলতে দেখেছি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুলহাসের বুকে এটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।

জুলহাসের বাবার নাম মৃত সোলাইমান মোল্লা। সাভার ইপিজেডে প্রাইভেটকার চালক হিসেবে কাজ করেন তিনি। তাদের বাড়ি সাভার বাকুর্তা এলাকায়। ৩ ভাইবোনের মধ্যে মেজ সে। পরিবারের সবাই পশ্চিম মেরুল বাড্ডার ওই বাসায় থাকেন। জুলহাসের স্ত্রীর নাম জেমি আক্তার। ৩ ছেলের জনক তিনি।