মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের ৪৮তম বার্ষিকী আজ ১৯ মার্চ। ১৯৭১ সালের এই দিনে গাজীপুরের জয়দেবপুরে ভাওয়াল রাজবাড়িতে তৎকালীন সেনানিবাসে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার উদ্দেশ্যে পাঞ্জাব রেজিমেন্টের একদল সৈন্য আসার খবরে জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ছাত্র-শ্রমিক-জনতা পাকিস্তানি বাহিনীকে ঠেকাতে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় ব্যারিকেড তৈরি করে। বন্দুক ও বাঁশের লাঠি নিয়ে অবস্থান নেয় তারা। প্রতিরোধের মুখে পাকিস্তানি সেনাদের গুলিতে ৪ জন শহীদ এবং অনেকে আহত হন।
একাত্তরে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালির এটিই প্রথম সশস্ত্র গণপ্রতিরোধ। এর স্মরণে চান্দনা চৌরাস্তায় নির্মিত হয়েছে ভাস্কর্য ‘জাগ্রত চৌরঙ্গী’। দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শহীদ হুরমত স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।