বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল সোমবার সকালে নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বরিশাল নগরীর প্রাথমিক ও মাধ্যমিক সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বরিশাল ক্যাথলিক ডাইওসিসের ধর্মপাল ও প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিশপ লরেন্স সুব্রত হাওলাদার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আকতার, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান ও কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস বেপারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন স্টল পরিদর্শন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন নিয়ে তাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।