ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে এবারও অনুষ্ঠিত হলো ‘দেশঘরের গান’। ছায়ানটের বার্ষিক লোকগান সম্মিলনের এবারের আয়োজনটি বসেছিল ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। গতকাল সোমবার এই আয়োজনের উদ্বোধন করেন লোক গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের উপদেষ্টাম-লীর সদস্য মফিদুল হক। উদ্বোধনী বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, ‘আমাদের শিল্পীরা মুখে মুখে যে গান বাঁধেন, তার মধ্যে সুরের জাদু, কথার বৈভব ফুটে ওঠে। আর তার মধ্যেই একটি জাতির জীবনের গভীর দর্শন ফুটে ওঠে।’ এরপর একক গান পরিবেশন করেন পঞ্চগড়ের দেবীখানা অমরখানার শিল্পী সতীশ চন্দ্র পাল, সুনামগঞ্জের ছাতকের ম-লীভোগের শিল্পী মুকুলকান্তি দে ও কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার ফকির বলাই শাহ। পরে হালুই গান গেয়ে শোনায় অরুণ কুমার দাস ও তার দল। আর নওগাঁর কিচ্ছাপালা শোনায় মো. সাইদুল ইসলাম ও তার দল। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রকাশনা উদ্যোগ ‘বইসাঁকো’
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষার লেখকদের বই প্রকাশ হবে দুই দেশে। প্রথমবারের মতো বাংলাদেশের অন্যপ্রকাশ ও ভারতের পশ্চিমবঙ্গের পত্রভারতীর যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘বইসাঁকো’। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের চার ও ভারতের তিন সাহিত্যিকের বই প্রকাশ হয়। বাংলাদেশে যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো গতকাল সোমবার। ‘বইসাঁকো’র এই প্রবর্তনা অনুষ্ঠানে আনিসুজ্জামানের ‘বিদ্যাসাগর ও অন্যেরা’ বইটি কলকাতায় প্রকাশের বিষয়ে ‘পত্রভারতী’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। সমরেশ মজুমদারের ‘কথামালা’ বইটি প্রকাশের চুক্তি স্বাক্ষর করে অন্যপ্রকাশ। এরই মধ্যে ‘বইসাঁকো’র উদ্যোগে পশ্চিমবঙ্গের পত্রভারতী থেকে বাংলাদেশের লেখকদের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছেÑ সৈয়দ মনজুরুল ইসলামের ‘সেরা দশ গল্প’, ফরিদুর রেজা সাগরের ‘এবারো হাফডজন ছোটকাকু’, মারুফুল ইসলামের ‘নির্বাচিত ১০১ কবিতা’ ও মাজহারুল ইসলামের ‘হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’। ঢাকায় ‘বইসাঁকো’ প্রবর্তনা উপলক্ষে সোমবার জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে বই সাতটির মোড়ক উন্মোচিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও পশ্চিমবঙ্গের গবেষক অধ্যাপক ইমানুল হক। আরও বক্তব্য রাখেন সৈয়দ মনজুরুল ইসলাম, ফরিদুর রেজা সাগর ও মারুফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পত্রভারতীর ব্যবস্থাপনা পরিচালক ত্রিদিব চট্টোপাধ্যায়।