ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযান

এক কর্মকর্তাকে সাসপেন্ড করল ডিএনসিসি

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, পরিচ্ছন্নতাকর্মীকে পরিষ্কার রাস্তায় ময়লা ফেলতে নির্দেশ দেওয়ায় ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম শফিকুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তেজগাঁও সাতরাস্তাসংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনের আগে পরিষ্কার রাস্তায় করপোরেশনের গাড়িতে করে কাগজের টুকরো ছিটানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে সমালোচনার মুখে পড়েন মেয়র।

পরে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, মেয়রের নির্দেশে রাস্তায় কাগজ ছিটানো হয়নি। কার নির্দেশে এমনটা করা হয়েছে তদন্ত করা হচ্ছে। পরে পরিচ্ছন্নতাকর্মীদের কাগজের টুকরা পরিষ্কার রাস্তায় ছড়ানোর নির্দেশ দেওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের ঠিকাদার কর্র্তৃক নিয়োগকৃত ওয়ার্ক সুপারভাইজার মো. সালাহ উদ্দিনকে মেয়রের নির্দেশে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেবে।