বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়টি নির্ভর করছে। দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। কাক্সিক্ষত নির্বাচন, সেটাও ধ্বংস করা হয়েছে। প্রতিবাদের কেন্দ্রবিন্দু ছিলেন খালেদা জিয়া। তাকেও সরকার বন্দি করে রেখেছে।’
গতকাল সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আর দেশের মানুষকে সুশাসন উপহার দিতে খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই।’
দলেরর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বিশ্ববাসীর কাছে এই দেশ এখন ‘নিশীত ভোটের দেশ’ হিসেবেই পরিচিতি পেয়েছে।’ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, ‘গণতন্ত্রের সব শাখা-প্রশাখা ধ্বংস করছে সরকার। এই ধ্বংসের বিরুদ্ধে যিনি একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর সেই নেত্রী বেগম জিয়াকেই কারাগারে বন্দি করে রাখা হয়েছে।’ মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের নেতা সাদেক খান, আবুল হোসেন ফয়েজি, কর্নেল জয়নুল আবেদিন প্রমুখ।