রাবির মনোবিজ্ঞান বিভাগ

পুনরায় পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি তৃতীয় দিনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ৫০২ নম্বর কোর্সের অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে একই দাবিতে প্রশাসন ভবনের সামনে গত শনিবার ও রবিবার অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত শনিবার অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি আদায়ে গত রবিবার ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা না করায় তারা সোমবার ফের অবস্থান নেন।

শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘১৩ জন শিক্ষার্থী উপস্থিত হওয়ায় পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক ইতিবাচক হলে ফের পরীক্ষা নিতে কোনো অসুবিধা নেই।’

এর আগে গত ১৪ মার্চ বিভাগের ৫০২ নম্বর কোর্সের পরীক্ষার্থী কানিজ ফাতেমার বাবা মারা যান। তার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে পরদিন শনিবারের পরীক্ষা না নেওয়ার জন্য পরীক্ষা কমিটিকে মৌখিকভাবে অনুরোধ করেন শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা কমিটি শিক্ষার্থীদের অনুরোধ আমলে না নিয়ে পরীক্ষা নেয়। এতে ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন অংশ নেন।