বাড্ডায় যুবক খুন

রাজধানীর বাড্ডা এলাকায় জুলহাস হোসেন (৩৫) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে তার পশ্চিম মেরুল বাড্ডার ম-১০০ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। তার বড় বোন সমমেহের জানান, তাদের মা আম্বিয়া খাতুনের জন্য ওষুধ কিনতে তারা কাছের এক ফার্মেসির সামনে যাওয়ার পর দুই যুবক জুলহাসের গলা জড়িয়ে ধরে।

এরপর বুকে গুলি করে পালিয়ে যায়। জুলহাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, জুলহাসের বুকে একটি গুলির চিহ্ন রয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ আহত যুবক মারা গেছেন : রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হান্নান (৩৫) মারা গেছেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ শরীফ জানান, জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, গত রবিবার ভোররাতে বছিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার নিয়ে অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযানে গেলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল ও হান্নান গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।