সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দু নূর মিয়া (৫৮) পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ গ্রামের আরব আলীর ছেলে। গতকাল সোমবার দুপুরে গনিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি এখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
মামলার বরাত দিয়ে তিনি দেশ রূপান্তরকে বলেন, গত বছর জুনে পাঁচ সন্তানের জনক নুর মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের ওই শিশুকে কয়েকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধরা হলেও শুধু ২০ হাজার টাকা দেয় আব্দু নূর মিয়া। শিশুটির দিনমজুর পরিবার গ্রাম্য মাতব্বরদের ভয়ে পুলিশে অভিযোগ জানাতে পারেনি। সালিশে গণিগঞ্জ গ্রামের মাতব্বর আব্দুল মজিদ, আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল কাইয়ূম, খইছা মিয়া মেম্বার, কাহার মিয়া ও আনজু মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ওসি এখতিয়ার বলেন, ‘গত ১৬ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি ৯ মাসের
অন্তঃসত্ত্বা। পরে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ থানায় জানায়। গত রবিবার রাতে শিশুটির পরিবার ও হাসপাতালের চিকিৎসকদের কথা বলে ঘটনার সত্যতা পায় পুলিশ। গতকাল অভিযান চালিয়ে আব্দু নূর মিয়াকে আটক করার পর বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা করেন।’