কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ মঙ্গলবার। ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সম্মান ও ¯œাতকোত্তর ডিগ্রি গ্রহণ করে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন ওবায়দুল্লাহ। পরে অবশ্য সেখান থেকে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। গত শতাব্দীর পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি ওবায়দুল্লাহর দুটি দীর্ঘ কবিতা ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এবং ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন। ১৯৮০-র দশকে তিনি বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সাহিত্যকর্মে অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমি পদক পান কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কবির প্রয়াণ দিবসে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিজ্ঞপ্তি।