নেদারল্যান্ডসে ট্রামে হামলায় সন্দেহভাজন তুর্কি আটক

নেদারল্যান্ডসের ইউট্রেখট শহরে ট্রামে সন্ত্রাসী হামলা চালিয়ে তিনজনকে হত্যা ও পাঁচজনকে গুরুতর আহত করার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

বিবিসি জানায়, ৩৭ বছর বয়সী তুর্কি ওই ব্যক্তির নাম গুকমেন তানিস। তাকে হামলাস্থলের ৩ কিলোমিটার দূরের একটি ভবন থেকে ঘটনার কয়েক ঘণ্টা পর আটক করা হয়।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারীর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে একজন প্রসিকিউটর বলেন, ‘পারিবারিক কারণে’ এমনটা হতে পারে। আরও জানান, তানিস ডাচ পুলিশের পরিচিত।

সোমবার সকালে সোয়া ১১টার দিকে এ হামলা সংগঠিত হয়। এর পরপরই পুলিশ জানায়, সন্দেহভাজন হিসেবে গুকমেন তানিসকে তারা খুঁজছে। তার ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়।

সন্ত্রাসীকে গ্রেপ্তার অভিযানের সময় শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ডাচ অ্যান্টি-টেররিজমের কো-অর্ডিনেটর পিটার ইয়াপ আলবার্সবার্গ বলেন, “সন্ত্রাসী ঘটনা হিসেবে আমরা এটিকে অস্বীকার করছি না। এখনো এটি আমাদের কাছে অপরিষ্কার। স্থানীয় প্রশাসন অনুসন্ধান চালাচ্ছে।”

এক স্থানীয় ব্যবসায়ী বিবিসিকে জানান, এর আগে চেচনিয়ার যুদ্ধে লড়েছিলেন তানিস। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তবে পরে ছাড়া পান।

এদিকে হামলার ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ অনেকে সমবেদনা জানিয়েছেন।

ইউট্রেখট নেদারল্যান্ডসের চতুর্থ বৃহত্তম শহর, জনসংখ্যা ৩ লাখ ৪০ হাজারের মতো। এখানে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা বিরল।