সমকামিতা নিয়ে কাজের পরিসর বেড়েছে: শাবানা আজমি

দীপা মেহতার ‘ফায়ার’ সিনেমায় নন্দিতা দাসের সঙ্গে সমকামী চরিত্রে অভিনয় করে আলোচনা-সমালোচনার ঝড় তোলেন শাবানা আজমি। তিনি মনে করেন, ভারতীয় সিনেমার দরজা সমকামিতার জন্য এখন অনেক চওড়া।

সম্প্রতি বার্তা সংস্থা আইএএনএসকে অভিনেত্রী বলেন, “আমি সব সময় বিশ্বাস করি চলচ্চিত্র আমাদের সমাজের প্রতিফলন এবং ভালো চলচ্চিত্র সমাজকে প্রভাবিত করতে পারে। এখানে একটা সম্পর্ক রয়েছে... কিন্তু সেই গ্রহণযোগ্যতা স্বীকার করতে হবে এবং এর প্রশংসাও করা উচিত।”

“চলচ্চিত্র সমাজেরই প্রতিফলন বলে বিশ্বাস করি” উল্লেখ করে শাবানা বলেন, “সমকামিতা নিয়ে কাজের পরিসর এখন অনেক বেড়েছে।”

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘ফায়ার’  থেকে শুরু করে ২০১৯ সালের ‘মেড ইন হেভেন’ ওয়েব সিরিজে সমকামী সম্পর্ক ও এলজিবিটিকিউ জীবনকে তুলে আনার ভূয়সী প্রশংসা করেন শাবানা আজমি।

এ প্রসঙ্গে বলেন, “ফায়ার’ ১৯৯৬ সালে মুক্তি পায়। তারপর থেকে এখন, যদি আমি সাম্প্রতিকতম ‘মেড ইন হেভেন’ পর্যন্ত  দেখি তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে এখন পরিসর অনেকটা বড় হয়েছে।”

‘ফায়ার’-এ শাবানা রাধা নামের এক গৃহবধূর ভূমিকায় অভিনয় করেন যিনি ননদের প্রেমে পড়েন। যুক্তরাষ্ট্রের মুক্ত চলচ্চিত্র ‘সিগনেচার মুভ’-এ এক সমকামী মেয়ের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এই সিনেমাটির মূল বিষয়, সমকামী পরিচয়কে কীভাবে সামনে আনছে একটি মেয়ে এবং মা কীভাবে তার পাশে থাকছে। পাশাপাশি সমকামী ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে নির্মিত ‘ইভিনিং শ্যাডোস’-এরও প্রশংসা করেন।