দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৩৮) খুন হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় থেকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
জয়নাল আবেদীন জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহীন শাহ, সেলিম, রাব্বী নামের তিন যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে জাহাঙ্গীর নগর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের লাশ গ্রামের বিদ্যালয়ের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, সকালে স্থানীয়রা আমাকে জানান জয়নালের লাশ বিদ্যালয়ের পাশে পড়ে আছে। আমি সেখানে গিয়ে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “কি কারণে খুন হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়। আমরা বিষয়টি উদঘাটনের চেষ্টা করছি। তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
তিনি বলেন, “নিহতের গলা ও পেটে ছুরির আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”