রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
এঘটনায় প্রগতি সরণি সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ করছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, সকালে বসুন্ধরা গেটে সুপ্রভাত পরিবহনের একটি বাস ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করেছে পুলিশ।
সকাল ৯টা থেকে বিইউপিসহ ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন। বসুন্ধরা গেট থেকে নর্দা ও নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে ঘাতক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছেন তারা।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আশপাশে সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।
এদিকে সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় অফিস যাত্রায় চরম দুর্ভোগে পড়েছেন লোকজন। আশপাশের এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।