সালমান-আলিয়াকে নিয়ে বানসালির ‘ইনশাল্লাহ’

বিশ বছর পর পরিচালক সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখা যাবে সালমান খানকে। তার সঙ্গে এতে যোগ দিচ্ছেন আলিয়া ভাটও। খবরটি ঘটা করে জানিয়েছেন সাল্লু।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক টুইটার বার্তায় সালমান লিখেছেন, “আলিয়ার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

আরও বলেন, “২০ বছর পর সঞ্জয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তার ‘ইনশাল্লাহ’ সিনেমাতে। আশা করি আমাদের এই যাত্রা শুভ হবে।”

এদিকে সঞ্জয়ের পরিচালনায় কাজ করার জন্য উদগ্রীব থাকা আলিয়াও তার অনুভূতি জানিয়েছেন। টুইটারে লেখেন, “নয় বছর বয়সে আমি প্রথম সঞ্জয় লীলা বানসালির অফিসে যাই। সবসময় আশা ও প্রার্থনা করেছি যে, তার পরবর্তী সিনেমাতে যেন আমি থাকি। কিন্তু এ ছিল দীর্ঘ এক অপেক্ষা।”

আরও বলেন, “সঞ্জয় স্যার ও সালমান খান দুজনেই দারুণ জুটি। আমার আর তর সইছে না, ‘ইনশাল্লাহ’র সুন্দর যাত্রায় কখন তাদের সঙ্গে যোগ দেবো।” 

সালমান খানের সাম্প্রতিক সিনেমা ‘ভারত’ ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। আলিয়া ভাটের ‘কলঙ্ক’ আসছে ১৭ এপ্রিলে। মুক্তি পাওয়ার আগেই দুই সিনেমা ইতিমধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

শোনা গিয়েছিল, সঞ্জয়ের একটি সিনেমায় ‘ডিয়ার জিন্দেগি’র দুই তারকা শাহরুখ খান-আলিয়ার সঙ্গে অভিনয় করবেন সালমান। কিন্তু নতুন এ ঘোষণায় কিং খান প্রসঙ্গে কিছুই জানা যায়নি।