বুধবার সকাল থেকে ফের অবরোধ

বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে ফের সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় আজকের মতো অবরোধ তুলে নিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা প্রগতি সরণি সড়কের যমুনা ফিউচার পার্কের সামনে থেকে সরে যান। বুধবার সকাল থেকে তারা আবার অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা।

আন্দোলনরতদের পক্ষে বিইউপির শিক্ষার্থী মাইশা নূর সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৮টায় আবার সড়কে অবস্থান নেবেন। সহপাঠীদের বসুন্ধরা আবাসিক এলাকার গেটে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানান মাইশা নূর।

এদিকে বিকেলে অবরোধস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর নর্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় নিহত হন বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। পথচারী পারাপারের জেব্রা ক্রসিংয়েই আবরারকে চাপা দেয় বাসটি।

পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর পরই বিক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।