প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি ও পরাজিত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘তবে ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। না হলে ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো’।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শোভন বলেন, অনেক ঘটনা ঘটলেও সর্বোপরি ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। বেশি ঝামেলা হলে ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো। সেটা না হওয়ার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
ছাত্রলীগ সভাপতি বলেন, আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরত, লাশ পড়ত, সেই পরিবেশ এখন আর নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক, ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে চলুক এটাই আমরা চাই।
এ সময় তিনি ফের নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখতে হবে। ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।