নারায়ণগঞ্জের মেয়র আইভীর বিরুদ্ধে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ২৪ জন কাউন্সিলর ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এতে সাংবাদিক সাগর-রুনী ও তনু হত্যা নিয়ে বেফাঁস মন্তব্য করে সরকারকে প্রশ্নবিদ্ধ এবং জামায়াত-বিএনপির পরামর্শে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক রাব্বী মিয়ার হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

সিটি করপোরেশেনের ২৪ কাউন্সিলর ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, শিক্ষক সমিতি, জেলা ও পাঁচটি উপজেলা পূজা উৎযাপন কমিটি, ব্যবসায়ী সংগঠনের নেতা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ২২ জন চেয়ারম্যানসহ কয়েক হাজার মানুষ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। জমা দেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। এ ব্যাপারে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।