সিলেটে বইপড়া উৎসব পড়ুয়া তরুণরাই ঠেকাবে ইতিহাস বিকৃতি

সিলেটে সামাজিক সংস্থা ‘ইনোভেটর’ আয়োজিত বইপড়া উৎসব শেষ হয়েছে। নগরীর কবি নজরুল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় লেখক ও সাংবাদিক আনিসুল হক। এতে উৎসবে অংশ নেওয়া সিলেট বিভাগের ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১৪ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে। নিজেদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করার মাধ্যমে এ ঋণ শোধ করা যাবে। বইপড়–য়া তরুণরাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রকৃত যোদ্ধা। তাদের সামনে কোনো অন্ধকারই টিকতে পারবে না।

গত সোমবার বিকেলে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেটর-এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনের সিলেট অফিসের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। স্বাগত বক্তব্য দেন ইনোভেটর-এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।