সামনেই ওয়ানডে বিশ্বকাপ, তার আগে স্মরণীয় টেস্ট জয়। ফরম্যাটের ভিন্নতা ব্যাপক। তবে এক ফরম্যাটের ঐতিহাসিক জয় দিয়ে আরেক ফরম্যাটের জন্য আত্মবিশ্বাস নিতে তো আর বাধা নেই। তাই-ই করলেন আফগানিস্তান স্পিন কিং রশিদ খান। সামনের মে মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই জয়। ক্রিকেট ইতিহাসে শুধু ইংল্যান্ড ও পাকিস্তান এমন সাফল্য দেখিয়েছে। তাই বিশ্বকাপের আগে হুঙ্কার ছাড়লেন রশিদ– ‘কাউকেই ভয় পাই না।’
গত এশিয়া কাপে দারুণ খেলেছে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও বাংলাদেশকে টপকে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে ওঠে তারা। সেখানে ভারতের সঙ্গে টাই করেছিল দলটি। সেখানেই নিজেদের নতুন ওয়ানডে শক্তি হিসেবে প্রমাণ করেছেন বলে জানান রশিদ, ‘যেভাবে এশিয়া কাপে আমরা খেলেছি তা এককথায় ছিল অসাধারণ। আমরা যেকোনো দলকেই হারাতে পারি সেটা ওই টুর্নামেন্টে প্রমাণ করেছি। বিষয়টা হলো, নিজের প্রতিভা ও স্কিলের ওপর আস্থা থাকলে আপনি যেকোনো কিছু করতে পারবেন। বড় ম্যাচগুলোতে চাপ না নিয়ে উপভোগ করলেই ভালো ফল আসবে। আসন্ন বিশ্বকাপেও আমরা সেভাবেই খেলব। কোনো প্রতিপক্ষকেই ভয় করব না।’