গাড়ি চালক ও সহকারীকে বাড়ি কিনে দিলেন আলিয়া

তারকাদের আলো ছড়ানোর পেছনে অনেকের ভূমিকা রয়েছে। বিশেষ করে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিশ, ম্যানেজার, গাড়ির চালক বা ব্যক্তিগত সহকারী ছাড়া তো তাদের চলেই না।

অনেক ক্ষেত্রে এরা তারকাদের নিকট আত্মীয়ের মতো। যেমন; আলিয়া ভাটের কাছে গাড়ির চালক সুনীল ও সহকারী অমল।

সম্প্রতি নিজের জন্মদিন উদ্‌যাপন করার আগে তাদের বিশেষ উপহার দিয়েছেন ‘হাইওয়ে’ অভিনেত্রী। তাদের দুজনকেই মুম্বাইয়ে বাড়ি কেনার জন্য ৫০ লাখ করে ১ কোটি রুপির চেক দিয়েছেন আলিয়া।

এই টাকা দিয়ে সুনীল ও অমল জুহু গলি ও খার দান্ডা এলাকায় একটি করে ফ্ল্যাট বুক করেছেন।

আলিয়া যখন ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন, সেসময় থেকেই সুনীল তার গাড়ির চালক হিসাবে কাজ করছেন।

নায়িকা জানান, সুনীল-অমল দুজনেই তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ছাড়া চলবে না।

আলিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘গলি বয়’ সিনেমায়, বিপরীতে ছিলেন রণবীর সিং।

এপ্রিলে মুক্তি পাবে তারকাবহুল সিনেমা ‘কলঙ্ক’। বছরের শেষ দিকে আসবে প্রেমিক রণবীর কাপুরের বিপরীতে অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। এ ছাড়া মঙ্গলবারের এক ঘোষণায় জানা যায়, সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘ইনশাল্লাহ’তে অভিনয় করবেন সালমান খানের সঙ্গে। এর আগে সঞ্জয় বা সালমানের সঙ্গে কাজ করেননি নায়িকা। তাই তিনি দারুণ উচ্ছ্বসিত।