বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় রাবিতে বিক্ষোভ

রাজধানীতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সড়কে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছন থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কিছুক্ষণ অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা নিহত আবরারের হত্যাকারী বাসচালকের শাস্তি, জাবালে নূর ও সুপ্রভাত পরিবহনের সকল বাস বন্ধ করা, রাস্তায় রাস্তায় চেকিং সিস্টেম বন্ধ করা, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্টপেজ রাখা, প্রত্যেক বাসচালকের ছবি এবং লাইসেন্স রাখা, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ওভারব্রিজ দেওয়া ও সড়কে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করার দাবি জানান।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের হাতে ‘নিরাপদ সড়ক চাই, বাসচালকের শাস্তি চাই, ন্যায়বিচার চাই’ লেখা প্লাকার্ড দেখা যায়। পরে দুপুর ২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আবারও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে নর্দ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার আহমেদ চৌধুরী।